অবরোধে ‘নাশকতা’ ঠেকাতে মাঠে ২৩২ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪৩২ টহল দল
বিএনপি-জামায়াতসহ সমমনা অন্যান্য রাজনৈতিক দলের ষষ্ঠ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি এবং ৪৩২টি টইল দল মোতায়েন করেছে র্যাব।
বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
র্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাবের ১৪৮টি টহল দলসহ সারাদেশে ৪৩২টি টইল দল মোতায়েন করা হয়েছে। যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র্যাব টহলের মাধ্যমে এস্কট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র্যাব।
এছাড়া কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।
এদিকে গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ২৪ দিনে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর হরতাল-অবরোধ ও সমাবেশকে কেন্দ্র করে সারাদেশে ১৯৭টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগের তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এসময় গড়ে প্রতিদিন প্রায় সাতটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে গড়ে প্রতিদিন প্রায় পাঁচটি করে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ঢাকা সিটি করপোরেশনের অগ্নিসংযোগের ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সবচেয়ে বেশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা দক্ষিণ সিটিতে ৬০টি, ঢাকা উত্তর সিটিতে ৩৫টি আগুনের ঘটনা ঘটে।



