মেঘনায় পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৮

মেঘনায় পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৮

মেঘনা নদীর জেলার হিজলা উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পুলিশ বাদি হয়ে হিজলা থানায় দায়ের করা মামলায় অর্ধশত জেলেকে আসামি করা হয়। রাতে পুলিশ অভিযান চালিয়ে আট জেলেকে গ্রেপ্তার করেছে।

রোববার (১২ মার্চ) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ওসি মো. ইউনুস মিঞা জানান, বেআইনী জনতায় সরকারি কাজে বাঁধা দেয়া ও হত্যার উদ্দেশ্যে এলোপাথারিভাবে মারধর করে গুরুতর জখমের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ওসি আরও জানান, মামলার এজাহারভূক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গ্রেপ্তারকৃত জেলেরা হলো-হিজলা উপজেলার চর মেমানিয়া গ্রামের রাজ্জাক মাঝি, একই এলাকার বশির হোসেন দর্জি, চর কুশরিয়া গ্রামের ইসমাইল রাঢ়ী, একই এলাকার সাব্বির সরদার, গঙ্গাপুরের রাকিব সরদার, একই এলাকার পারভেজ চৌকিদার, চরজানপুর এলাকার শাহীন মাতুব্বর ও গোসাইরহাটের নান্নু মুন্সীকান্দি এলাকার রুবেল ঢালী।

নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমাউন কবির বলেন, এমন ঘটনা মেনে নেওয়া যায়না। পুলিশের ওপর হামলাকারীদের কঠোর হস্তে দমন করা হবে। তিনি আরও বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে থানা পুলিশ চিরুনি অভিযান শুরু করেছে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা বিরোধী অভিযান চালানোর প্রস্তুতিকালে ৭নং ঘাট এলাকায় বসে জেলেরা নৌ-পুলিশের ওপর হামলা চালায়। এতে হিজলা থানার নৌ-পুলিশের ওসি বিকাশ চন্দ্র দেসহ ১৬ জন আহত হয়েছে।